প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, ফলাফল দেখুন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রবিবার রাতে অধিদপ্তরের সরকারি ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এতে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে নিয়োগপ্রত্যাশী হাজারো প্রার্থীর।
চলতি নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৯ জানুয়ারি ২০২৬। সারা দেশের ১ হাজার ৪০৮টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নেন ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন প্রার্থী। পরবর্তীতে ২১ জানুয়ারি ২০২৬ প্রকাশিত লিখিত পরীক্ষার ফলে মোট ৬৯ হাজার ২৬৫ জন উত্তীর্ণ হন।
উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হয় ২৮ জানুয়ারি ২০২৬ এবং চলে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। ধারাবাহিক এ প্রক্রিয়া সম্পন্নের পর আজ চূড়ান্ত ফল প্রকাশ করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
নিয়োগ কার্যক্রমটি ধাপে ধাপে পরিচালিত হয়েছে। প্রথম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল গত বছরের ৫ নভেম্বর ২০২৫, যেখানে রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের স্কুলগুলোর জন্য ১০ হাজার ২১৯টি শূন্যপদ ঘোষণা করা হয়। দ্বিতীয় ধাপে ১২ নভেম্বর ২০২৫ প্রকাশিত বিজ্ঞপ্তিতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য আরও ৪ হাজার ১৬৬টি পদ অন্তর্ভুক্ত করা হয়।
চূড়ান্ত ফলাফল এখন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেখা যাচ্ছে। প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল দেখতে এখানে ক্লিক করুন।
